‘সবুজ হোক পৃথিবী, নিরাপদ হোক ভবিষ্যৎ’—এই দৃঢ় প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা অডিটোরিয়াম ‘হৃদি-লহোরি’তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ১০টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ৩৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম বলেন, “পৃথিবীকে বাসযোগ্য রাখতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং সেটির পরিচর্যা করে, তবেই আমাদের এই সবুজ পৃথিবীর স্বপ্ন সফল হবে।”
অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক দূষণ রোধ, বনায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। শিক্ষার্থীরাও পরিবেশের সুরক্ষায় নিজেদের নিয়োজিত রাখার এবং বিতরণকৃত চারাগাছগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অঙ্গীকার ব্যক্ত করে। উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।























