ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. মিজানুর রহমান ও সদস্য সচিব প্রফেসর মো. তানজিল হোসেন স্বাক্ষরিত এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে তারা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও গণতান্ত্রিক সংকট অতিক্রম করে জনগণের প্রত্যক্ষ ভোটে গঠিত এই নতুন সরকার জাতির জন্য এক আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা করেছে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করছে সাদা দল, জাককানইবি।
তারা বলেন, আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন ভোরের দিকে এগিয়ে যাবে। একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের কার্যকর ভূমিকা পুনরুদ্ধার হবে। দেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ—বিশেষ করে মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও বৈদেশিক বিনিয়োগের স্থবিরতা—মোকাবিলায় নতুন মন্ত্রিসভা কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করবে। উৎপাদনমুখী খাতের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি টেকসই ও শক্তিশালী অর্থনীতির ভিত রচিত হবে বলে সাদা দল দৃঢ়ভাবে বিশ্বাস করে।
সাদা দলের নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সমুন্নত রাখা, শিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবি। আমরা আশা করি, নতুন সরকার উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান করবে। বিশেষ করে দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠগুলোর একাডেমিক স্বাধীনতা ও গবেষণা-সংস্কৃতি পুনরুজ্জীবনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা জাতিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে—এমনটি প্রত্যাশা করে সাদা দল।
সবশেষে , সাদা দল, জাককানইবি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে। সাদা দল আশা করে, দেশপ্রেমিক এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে।




















