ফুটবল বিশ্বকাপ মানেই শুধু গৌরব ও ট্রফি জয়ের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপকে ঘিরে তাই প্রাইজমানি নিয়েও বাড়ছে আগ্রহ।
এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। দল ও ম্যাচসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মোট অর্থ পুরস্কারের পরিমাণও।
আসরের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকার সমান। এই অর্থ বিভিন্ন ধাপে অংশ নেওয়া সব দলের মধ্যে বণ্টন করা হবে।
বিশ্বচ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৩ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রয়েছে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অধিকারী দল পাবে ২৭ মিলিয়ন ডলার।
নকআউট পর্বে ওঠা দলগুলোর জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রতিটি দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। রাউন্ড অব সিক্সটিনে উঠলে মিলবে ১৫ মিলিয়ন ডলার। আর রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ১১ মিলিয়ন ডলার করে।
এমনকি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও কোনো দল খালি হাতে ফিরবে না। অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হবে ৯ মিলিয়ন ডলার করে।
রেকর্ডসংখ্যক ৪৮ দল ও সর্বোচ্চ ১০৪ ম্যাচের এই বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে বড় প্রাইজমানির মাধ্যমে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর।

























