সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে আলোচনার জন্ম দিয়েছেন এক চীনা যুবক। শুধু প্রেমিকার সঙ্গে দেখা করতেই নয়, তাকে বিয়ে করার উদ্দেশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নামও নিয়েছেন তিনি। এ ঘটনাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ ছিল চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলী নামের এক যুবকের। নিয়মিত কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
দীর্ঘদিন অনলাইনে যোগাযোগের পর প্রিয় মানুষটির সঙ্গে সরাসরি দেখা করতে সোমবার (১৫ জুন) রাতে বাংলাদেশে আসেন জিয়া ঐলী। তিনি নবীনগর উপজেলার নীলনগর গ্রামে স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিদেশি যুবককে এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
স্বপ্নার পরিবারের সদস্যরা জানান, জিয়া ঐলী স্বপ্নাকে বিয়ে করতে আগ্রহী। এ লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয় জাহিদ ইসলাম। বর্তমানে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ের প্রস্তুতি চলছে।
স্বপ্না আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পরিবারের সম্মতিতে যেকোনো সময় তাদের বিয়ে সম্পন্ন হতে পারে।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া দুই ভিন্ন দেশের মানুষের এই প্রেমের গল্প ইতোমধ্যে স্থানীয়দের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে ভালোবাসার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন।
































