বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে আফ্রিকার শক্তিশালী দল মিশরের। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। এরই মধ্যে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার ম্যাচটির সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
অপ্টার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। এছাড়া ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ১৮.৬ শতাংশ, সেক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে।
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে রয়েছে। যদিও শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় তুলে নিতে হয়েছে আলবিসেলেস্তেদের। অন্যদিকে মোহাম্মদ সালাহকে সামনে রেখে আত্মবিশ্বাসী মিশরও লড়াকু ফুটবল উপহার দিচ্ছে। শেষ ষোলো নিশ্চিত করতে তারা টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে।
পরিসংখ্যানের বিচারে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও নকআউট পর্বের ফুটবলে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্র। বিশেষ করে সালাহর মতো বিশ্বমানের ফরোয়ার্ড থাকায় মিশরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এখন সব নজর মাঠের লড়াইয়ে। অপ্টার পূর্বাভাস বাস্তবে মিলিয়ে আর্জেন্টিনা কি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে, নাকি বড় অঘটন ঘটিয়ে ইতিহাস গড়বে মিশর তার উত্তর মিলবে ম্যাচ শেষেই।

























