কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আজ বুধবার (১৯ আগস্ট) ‘অ্যাশেজ ব্যান্ড’-এর একটি কনসার্ট হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থানীয় ইমাম-উলামা পরিষদ ও ধর্মীয় নেতাদের আপত্তির মুখে কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
অ্যাশেজ ব্যান্ডর ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’
তবে কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো নতুন কোনো তারিখ জানানো হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘অ্যাশেজ ব্যান্ড’ কনসার্ট বন্ধে গত সোমবার (১৭ আগস্ট) ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে গান-বাজনার আয়োজন ‘শরিয়তবিরোধী’ উল্লেখ করে কনসার্ট আয়োজন বন্ধের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ১৯ আগস্ট ২০২৬ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শরিয়তবিরোধী গান-বাজনার অনুষ্ঠান আয়োজনের খবর পাওয়া গেছে। আয়োজিত অনুষ্ঠান আল্লাহ তায়ালার অসন্তুষ্টির কারণ হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, অতীতে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। এবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এ কারণে কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান ইমাম-উলামারা।
আবেদনের অনুলিপি কিশোরগঞ্জ পুলিশ সুপার, কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও দেওয়া হয়।
সেই আবেদনের প্রেক্ষিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন।





























