আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সামুদ্রিক মাইনের আঘাতে দুই মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী সম্প্রতি এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। মাইনের এই আঘাতে বিশাল ওই ট্যাংকারটিতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আইআরজিসির প্রকাশিত বিবৃতির তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি ইরানের নির্ধারিত কোনো অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। তাছাড়া, জাহাজটি তাদের সব ধরনের ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখে অত্যন্ত গোপনে চলাচল করছিল বলে অভিযোগ করা হয়েছে। প্রণালিটি পার হওয়ার সময় ওই সুপারটংকারটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বা প্রটেকশন পাচ্ছিল বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
এই ঘটনার পর আইআরজিসির নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা উচ্চারণ করে জানিয়েছে যে হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে। ইরানের পক্ষ থেকে নির্ধারিত কোনো নিয়মকানুন লঙ্ঘন করে এবং মার্কিন সমর্থনের ওপর ভরসা রেখে যেসব জলযান চলাচল অব্যাহত রাখার চেষ্টা চালাবে, তাদের পরিণতি অত্যন্ত কঠোর হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেলবাহী নৌপথে এমন ঘটনা আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংবেদনশীল জলসীমায় এই ধরনের বিস্ফোরণ ও সামরিক উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং জাহাজ চলাচলের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।






































