জাতীয় ডেস্ক: ডেঙ্গু রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিন দেখতে রাজধানী ঢাকার আজিমপুর ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় শনিবার এই পরিচ্ছন্নতা অভিযান ও পরিদর্শন পরিচালনা করা হয়। নির্ধারিত এই কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরের সরকারি আবাসন এলাকা ঘুরে দেখেন তিনি।
ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের নিয়মিত বৃক্ষরোপণ করার জন্য উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে গ্রিনরোড ও আজিমপুরের সরকারি কলোনি এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
বাসিন্দাদের সঙ্গে আলাপকালে তিনি নিজ নিজ বাড়ির আঙিনা সর্বদা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। এই আকস্মিক পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ তার সঙ্গে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোসহসহ অন্যান্য উর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন।
এর আগে শনিবার সকালে নিউমার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। পরবর্তী সময়ে এই সাপ্তাহিক কর্মসূচির ধারাবাহিকতায় সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা বহুগুণ বাড়াতে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল।

































