হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ছাত্র সমিতির পঞ্চম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে প্রতি ব্যাচের নির্ধারিত প্রতিনিধিদের সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করা হয়। ভিপি পদে আল আমিন খান জয় ও তানজিম প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ হোসেন ও নোমান।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে ভিপি পদে আল আমিন খান জয় এবং জিএস পদে জিহাদ হোসেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি আল আমিন খান জয় বলেন, পরিসংখ্যান ছাত্র সমিতি বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও বিভাগের সুনাম বৃদ্ধিতে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এমন একটি শিক্ষার্থী-বান্ধব সংগঠনের ভিপি নির্বাচিত হতে পেরে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি শিক্ষকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভাগের সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনকে কেন্দ্র করে বিভাগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পরিসংখ্যান ছাত্র সমিতির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।




















