উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় ববি পরিবার।
সকাল ১০.৩০ এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ছিল বাহারি প্ল্যাকার্ড, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী প্রতীকী উপকরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি শোভাযাত্রার নেতৃত্ব দেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী রাফিয়া বলেন, “পহেলা বৈশাখের আয়োজনটি এবার দারুণ হয়েছে। সকালে শোভাযাত্রা এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে বন্ধুদের সঙ্গে দিনটি খুব ভালো কেটেছে। নতুন বছরের শুরুটা চমৎকার হয়েছে।”
মূল আয়োজনের পাশাপাশি বিভিন্ন বিভাগ ব্যক্তি ও বিভাগীয় উদ্যোগে পান্তা-ইলিশ ভোজ এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করে। বিভাগভিত্তিক সৃজনশীল সাজসজ্জা ও ব্যানারে পুরো ক্যাম্পাস উৎসবের রঙে রাঙিয়ে ওঠে।
উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এটি আমাদের ঐক্য ও সংস্কৃতির প্রতীক। নতুন বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।”
জুনায়েদ/ববি


















