সাধারণ শিক্ষার্থীদের রোদ ও বৃষ্টিজনিত ভোগান্তি কমাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইসলাম প্রাকটিশনার্স সোসাইটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে “Umbrella Station” নামে বিনামূল্যের ছাতা সেবা। এর মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে সারাদিনের জন্য ছাতা ব্যবহার করতে পারবেন।
বুধবার (১৩ মে) দুপুর ২টায় ভাষা শহীদ আব্দুস সালাম হলের গেস্টরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে “Umbrella Station” সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাটির উদ্বোধন করেন হলের প্রভোস্ট মো. ফরিদ দেওয়ান।
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের গেস্টরুম থেকে এই সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে আয়োজকরা। শিক্ষার্থীদের প্রয়োজন ও দৈনন্দিন দুর্ভোগের কথা বিবেচনায় নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ব্যতিক্রমি উদ্যগের প্রসংশা করে ২০২০-২১ শিক্ষাবর্ষের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “নোবিপ্রবি আইপিএসের উদ্যোগে ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের শিক্ষার্থীদের জন্য ‘Umbrella Station’ চালু করা হয়েছে। হঠাৎ বৃষ্টিতে অনেক সময় শিক্ষার্থীদের ভিজে যাওয়া কিংবা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই সেবা তাদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আমরা আশা করছি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।”
ইসলাম প্রাকটিশনার্স সোসাইটির সাধারণ সম্পাদক মো. ফাহিম মুন্তাছির বলেন, “নোবিপ্রবি আইপিএস একটি দ্বীনি সংগঠন। আমাদের মূল লক্ষ্য আল্লাহর পথে আহ্বান করা, অসৎ কাজ থেকে বিরত থাকা এবং ইসলামের বিধান পালনে শিক্ষার্থীদের উৎসাহিত করা। পাশাপাশি সমাজের নৈতিক ও কাঠামোগত উন্নয়নেও আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি বলেন, “এই ধারাবাহিকতায় আব্দুল মালেক উকিল হল ও আব্দুস সালাম হলে শিক্ষার্থীদের সুবিধার্থে সীমিত পরিসরে ‘ছাতা স্টেশন’ নামে একটি বিনামূল্যের সেবা চালু করা হয়েছে। আমরা আশা করি, এই ক্ষুদ্র উদ্যোগ শিক্ষার্থীদের উপকারে আসবে। সবাইকে এ সেবাকে আমানত হিসেবে গ্রহণ করার আহ্বান জানাই।”
সংগঠনটির সভাপতি নেহাল মাহমুদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র সংগঠনের মূল লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করা। নোবিপ্রবি আইপিএস সবসময় শিক্ষার্থীদের নৈতিক, একাডেমিক ও আদর্শিক কল্যাণে কাজ করে আসছে।”
তিনি আরও বলেন, “গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ‘ফ্রি ছাতা ব্যবহার কর্মসূচি’ চালু করা হয়েছে। এটি শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ে সহায়ক হবে বলে আমরা মনে করি। ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, ইন শা আল্লাহ।”
শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এই সময়োপযোগী উদ্যোগ বিশ্ববিদ্যালয়জুড়ে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সাধারণ শিক্ষার্থীরা এটিকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।
রাকিব/নোবিপ্রবি


















