বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) ভোরে মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ও স্কটল্যান্ডের। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি বিলম্বিত হওয়া বা সাময়িকভাবে বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মিয়ামির স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে ওই সময় প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত হলে ম্যাচ স্থগিত করা হতে পারে। ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয়। এছাড়া সর্বশেষ বজ্রপাতের অন্তত ১৫ মিনিট পর খেলা পুনরায় শুরু করা যায়।
চলতি টুর্নামেন্টে এর আগেও আবহাওয়ার কারণে একটি ম্যাচে দীর্ঘ বিরতি দেখা গেছে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স আর ইরাকের ম্যাচটি তীব্র বজ্রঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। সে সময় দর্শকদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয় এবং খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরে যেতে হয়।
এদিকে স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, আবহাওয়াজনিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের ‘প্ল্যান বি’ প্রস্তুত রয়েছে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং দীর্ঘ বিলম্ব হলেও তা সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বে উঠতে স্কটল্যান্ডের এই ম্যাচে অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে হারলেও তাদের বিদায়ের সম্ভাবনা পুরোপুরি নিশ্চিত হবে না; অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে ভাগ্য।
অন্যদিকে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে তারকা ফরোয়ার্ড নেইমারের। তবে স্কটল্যান্ড পাচ্ছে না তাদের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার অ্যারন হিকিকে।
ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি আবহাওয়াও হয়ে উঠতে পারে ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচের অন্যতম বড় আলোচনার বিষয়।

































