বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় টিএসসি মিনি কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়।
আয়োজক সূত্রে জানা যায় এবছর বাকৃবিতে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় ও শিশুবাগ স্কুল হতে ১ম, ২য় ও সাধারণ গ্রেডে মোট ২২জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জিএম মুজিবর রহমান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান প্রামানিক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন ভূইয়া এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুদ্দিন আহাম্মেদ স্বজল, মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যালয়ের গভর্নিং কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান এবং ড. মোঃ জহিরুল আলম।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি মো: রেজাউল হক এবং স্বাগত বক্তব্য রাখেন তৌহিদা বেগম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।





















