শেখ হাসিনা দেশে ফিরলে তিনি পূর্ণ নিরাপত্তা, সাংবিধানিক অধিকার ও আইনি সহায়তা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। বিচারিক প্রক্রিয়ায় তার যেসব অধিকার রয়েছে, সেগুলো তিনি ভোগ করবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবে, সেটিই সবাইকে মেনে নিতে হবে।
তিনি বলেন, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বড় অপরাধীরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি শেখ হাসিনা হোন বা সাকিব আল হাসান– সবার ক্ষেত্রেই আইন ও সংবিধানের অধিকার নিশ্চিত করা হবে।
উপদেষ্টা বলেন, সরকার কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া শাসনব্যবস্থা আর দেখতে চায় না এবং ভবিষ্যতে এমন কোনো ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন এবং তার পূর্ণ অধিকার ভোগ করবেন। যা যা করার দরকার, তা করা হবে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর থেকেই তিনি সেখানে বসবাস করছেন।
সম্প্রতি ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতারা ভারতে নির্বাসিত জীবন শেষ করে আগামী ডিসেম্বর মাসের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন।




























