নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ৩ ও ৪ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে ‘৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০২৬’। নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী এই জাতীয় বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। এতে নোবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
এবারের উৎসবে মোট ৯টি সেগমেন্ট রাখা হয়েছে। জাতীয় পর্যায়ে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকছে পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন ও রোবট লাইন রেস কম্পিটিশন। এছাড়া নোবিপ্রবির নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকছে প্রোগ্রামিং প্রতিযোগিতা, ই-স্পোর্টস, দাবা প্রতিযোগিতা ও ফটোগ্রাফি কনটেস্ট। আর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত দুটি সেগমেন্ট হলো প্রজেক্ট শোকেজ ও সায়েন্স অলিম্পিয়াড।
নয়টি সেগমেন্ট বিজয়ী প্রতিযোগীদের জন্য সর্বমোট ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। উৎসবে অংশ নিতে আগ্রহীদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আয়োজক সূত্রে জানা যায়, পূর্ববর্তী আয়োজনে প্রায় ৮৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তবে এবার গতবারের চেয়েও বেশি সাড়া পাওয়া যাচ্ছে এবং এক হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০২৬ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।































