আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ এবং বোমাবাজির মাধ্যমে দেশকে অস্থীতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না মন্তব্য করে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আওয়ামী অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভেবেছিলাম ৫ আগস্টের পরে আওয়ামী লীগ শিক্ষা নেবে। কিন্তু দেখলাম ওরা শিক্ষা গ্রহণ করে নাই, ওদেরকে নতুন করে আবার শিক্ষা দিতে হবে। বাংলাদেশ থেকে লুট করে যে টাকা বিদেশে শেখ হাসিনা পাচার করেছে সেই অর্থ দিয়ে মাদক সেবীদেরকে ভাড়া করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে।
এসময় দেশে পরিকল্পিতভাবে যারা সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।


































