বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের নির্ধারিত সময়সূচি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিবর্তনের অভিযোগে সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামী আরা নিপাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা নোটিশে তাকে এ শোকজ করা হয়। নোটিশে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আলিম মিয়া।
নোটিশে বলা হয়, ডা. শামী আরা নিপা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দপ্তর প্রধানের রুটিন দায়িত্বে নিয়োজিত। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ নির্ধারিত মেডিকেল সেন্টার খোলা রাখার সময় সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সচল রাখার পরিবর্তে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই তিনি একক সিদ্ধান্তে ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়সূচি পুনর্নির্ধারণ করেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের আদেশ অমান্য করার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব, উপাচার্য, রেজিস্ট্রার, মেডিকেল সেন্টার এবং সংশ্লিষ্ট ব্যক্তির নথিতে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।































