পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বিপরীতে অবস্থিত টিচার্স ট্রেনিং সেন্টারে (টিটিসি) এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়ুম উল হাসান (কাইয়ুম), নূরুজ্জামান চন্দন এবং সহ-সাধারণ সম্পাদক মো. বায়েজিদ শ্রাবণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে. এম. তারিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সংগীত ও ছাত্রদলের সংগীত পরিবেশন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন আবির হোসেন ও জাকিরা মাহদিয়া।
এ সময় কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেন, “আমরা ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, তখনই আমাদের নির্ধারণ করা উচিত—আমরা কী করব। যারা চাকরি করবেন, তাদের প্রতি আমার প্রধান পরামর্শ হচ্ছে, ফার্স্ট ইয়ার থেকেই চাকরির প্রস্তুতি শুরু করবেন। ডিপার্টমেন্টের পড়াশোনার পাশাপাশি প্রতিদিন তিন ঘণ্টা পড়বেন। যদি ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতি না নেন, তাহলে অনার্স শেষ করবেন, মাস্টার্স শেষ করবেন; এরপর চাকরির প্রস্তুতি নিতে ন্যূনতম তিন বছর সময় লাগে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর একটি বিশ্ববিদ্যালয় থেকে জাতির সবচেয়ে বড় প্রত্যাশা থাকে গবেষণা। যারা বড় গবেষক হতে চান, তারা বিদেশে যাবেন, বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নেবেন। যারা গবেষক হতে চান, তারা IELTS এবং TOEFL-এর বই কিনবেন এবং প্রতিদিন দুই ঘণ্টা করে পড়বেন। আমি বিশ্বাস করি, আপনারা এক বছরের মধ্যে পৃথিবীর যেকোনো একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশিপ পেতে পারেন। কিন্তু শর্ত একটা—ফাঁকিবাজি করা যাবে না। পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই।”
পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, “আজকেই তোমাদের লক্ষ্য স্থির করতে হবে। তোমরা আজ সবেমাত্র এই বিশ্ববিদ্যালয়ে এসেছো। এখন তোমাদের গড়ে তোলার সময়। তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে স্বপ্ন অনুযায়ী তোমাদের পরিশ্রম করতে হবে।
“ব্যর্থতা মানে তোমাদের গল্পের শেষ নয়, বরং নতুন অধ্যায়ের শুরু। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এখনো মন খারাপ আছে, কারণ তোমরা তোমাদের মনোনীত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি। কিন্তু মনে রাখবা, যেকোনো জায়গা থেকেই সফল হওয়া সম্ভব, যদি জীবনে তুমি তোমার লক্ষ্যে স্থির থাকতে পারো এবং সে অনুযায়ী পরিশ্রম করো।”
সর্বশেষ সংবাদ
পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত ১০:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- ১২ বার পঠিত
জনপ্রিয়






























