রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
গত সোমবার (৫ অক্টোবর) নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুদ্দাচ্ছির নাসিফ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম ও ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তীসহ অন্তত ১০ জন ছাত্রদল নেতা-কর্মীর সম্পৃক্ততার কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।
প্রকাশিত খবরে আরও বলা হয়, হামলায় রামদা, চাপাতি, হকিস্টিক, রড, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
বিবৃতিতে নোবিপ্রবিসাস নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলার পরও যদি বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন ওঠে।
তারা আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়া এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থতা সেই প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির অভিযোগ সামনে আসছে। এসব ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিকদের নিরাপত্তা যেমন ঝুঁকির মুখে পড়বে, তেমনি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশও বাধাগ্রস্ত হবে।
বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।




































