তরুণ প্রজন্মের উঠতি মডেল ও অভিনেত্রী চাঁদনী শেখ। শোবিজ ক্যারিয়ারে একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে নিজেকে আগামীর তারকা হিসেবে জানান দিচ্ছেন তিনি। মূলত ছোট পর্দা ঘিরেই তাঁর সব ব্যস্ততা। তবে চলচ্চিত্রেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘যাযাবর’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তানভীর হাসান পরিচালিত এই ছবিতে চাঁদনীর পর্দাসঙ্গী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মডেল, অভিনেতা ও চিত্রতারকা আব্দুন নূর সজল।
‘যাযাবর’ ছবির শুটিং শেষ করেই ‘ফিল্টার’ নামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চাঁদনী। সাইমন তারিকের পরিচালনায় ১৬ অক্টোবর থেকে নেত্রকোনায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে চাঁদনীর নায়ক ওমর মালিক। অন্যদিকে, আসন্ন পূজায় ১৬ অক্টোবর চাঁদনী অভিনীত ‘চিরকুট’ নামের একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুনতাসির আকিব পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী শ্যামল মাওলা।
খুলনার মেয়ে চাঁদনী জানিয়েছেন, বর্তমানে তাঁর পুরো ধ্যান-জ্ঞান অভিনয়কে ঘিরেই। ছোট পর্দায় নাটকে অভিনয়ের মধ্য দিয়েই এই অভিনেত্রীর শোবিজে যাত্রা শুরু। নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজের অবস্থানও পাকাপোক্ত করেছেন তিনি।
নিজের অভিনয়জীবনের শুরুর গল্প জানিয়ে চাঁদনী বলেন, মা-বাবার আগ্রহে ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের চর্চাসহ সংস্কৃতির নানা শাখার সঙ্গে সম্পৃক্ততা ছিল আমার। তবে অভিনয়ের প্রতি ছিল আলাদা রকমের দুর্বলতা। প্রথমবার হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টিভির মেগা সিরিয়াল ‘ফ্যামিলি ডিস্টেন্স’-এ অভিনয়ের প্রস্তাব পাই। নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে পূর্বপরিচয় থাকায় ওই নাটকে অভিনয় করতে রাজি হয়ে যাই। নাটকটি দিয়েই খুব দ্রুত আলোচনায় চলে আসি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল। তাই নাটকটিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাইনি। আবার অভিনয়ে ভালো করার ক্ষেত্রে নিজের একটা আত্মবিশ্বাসও ছিল যে আমি পারব। সেই আত্মবিশ্বাস থেকেই শোবিজে আমার পথচলা শুরু, এখন তা পুরোদমে চলছে।
চাঁদনী জানান, এরপর তিনি বেশ কয়েকটি মেগা সিরিয়ালে কাজ করেছেন। ‘এন্ট্রি হিরো’, ‘হাতকড়া’, ‘পালাকার’, ‘অক্টোপাস’ ও ‘গেম’ নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। এ ছাড়া সম্প্রতি অভিনয় করেছেন ‘চিরকুমারী সংঘ’ নাটকে।
একক নাটকের মধ্যে রয়েছে ‘আবু বাবু’, ‘শাশুড়ি ভক্ত জামাই’, ‘প্রবাসীর আহাজারি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘দুষ্টু ছেলের দল’, ‘স্বামী আমার দামি’ ও ‘বিয়ের দাবি’সহ আরও বেশ কিছু নাটক।
বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে চাঁদনী অভিনীত মেগা ধারাবাহিক নাটক ‘জল জ্যোৎস্না’, ‘ম্যানেজ মাস্টার’, ‘তবুও জীবন’, ‘অচেনা আপনজন’ ও ‘বেগমপাড়া’। সম্প্রতি প্রচারিত হয়েছে তাঁর অভিনীত একক নাটক ‘সুন্দরী বউ’, ‘জাহান ভিলা’, ‘ট্যালেন্টেড কামাল’, ‘দুই নাম্বার বউ’, ‘সচেতন ক্লাব’, ‘সামার ভ্যাকেশন’, ‘বাইচা থাইকা লাভ কী’ ও ‘দারোগা জামাই’।
এ ছাড়া ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বেশ কয়েকটি মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন চাঁদনী। কোকোলা ব্র্যান্ডের টিভিসি ও ওভিসি, টু-ইন-ওয়ান গ্যাস স্টোভ এবং কোয়ালিটি গ্রুপের ফ্রোজেন ফুডের টিভিসিসহ অনেক বিজ্ঞাপনচিত্র ও সরকারি প্রামাণ্যচিত্রেও কাজ করেছেন এই উঠতি তারকা। অন্যদিকে, ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায়ও অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।
নিজের বর্তমান ব্যস্ততা ও কাজ প্রসঙ্গে চাঁদনী বলেন, প্রতিদিনই নাটক তৈরি হচ্ছে। পুরোনোদের পাশাপাশি নতুন নতুন শিল্পীও যোগ হচ্ছেন। ভালো মানসম্পন্ন কাজ করার মধ্য দিয়েই এখানে টিকে থাকতে হবে। আমি এখন সেই চেষ্টাই করে যাচ্ছি। আমার পরিকল্পনা রয়েছে, নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। বলতে পারেন, অভিনেত্রী হিসেবে নাটক ও চলচ্চিত্র, দুটি মাধ্যমই আমার কাছে সমান গুরুত্ব পাবে।






































