প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের স্টারলিংক সেবার মাধ্যমে মার্কিন বাজারে একটি প্রধান মোবাইল অপারেটর হিসেবে আত্মপ্রকাশ করার পরিকল্পনা ঘোষণা করেছে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেইন ম্যানেজমেন্টের যুক্তরাষ্ট্রজুড়ে থাকা ৮০০ মেগাহার্টজ স্পেকট্রাম পোর্টফোলিওর শতভাগ অধিগ্রহণের চুক্তি সম্পন্ন করেছে কোম্পানিটি। তবে এই গুরুত্বপূর্ণ অধিগ্রহণটি বর্তমানে মার্কিন ফেডেরাল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি-র অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
স্পেসএক্স জানিয়েছে যে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের জোড়াওয়ালা স্পেকট্রামের ১৪ মেগাহার্টজ পর্যন্ত লো-ব্যান্ড স্পেকট্রাম লাইসেন্স পোর্টফোলিও অর্জন করা। এর আগে গত বছরের শেষ দিকে ইকোস্টার থেকেও স্পেকট্রাম লাইসেন্স অধিগ্রহণ করেছিল কোম্পানিটি, যার মধ্যে মোবাইল ও স্যাটেলাইট যোগাযোগের ফ্রিকোয়েন্সি অন্তর্ভুক্ত ছিল। নতুন এই লো-ব্যান্ড স্পেকট্রামের নাগাল পেলে যুক্তরাষ্ট্রে স্টারলিংককে বড় মাপের মোবাইল অপারেটর হিসেবে গড়ে তোলার প্রধান প্রযুক্তিগত বাধা দূর হবে।
কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, এই বিশেষ স্পেকট্রাম অধিগ্রহণের ফলে স্টারলিংক মোবাইলের সিগনাল দেয়াল ও অন্যান্য বাধা সহজে অতিক্রম করতে সক্ষম হবে। বেশিরভাগ মোবাইল ডিভাইস এই ব্যান্ডটি সমর্থন করায় গ্রাহকদের ফোনের ধরন যাই হোক না কেন স্পেসএক্স লাখ লাখ গ্রাহককে সেবা দিতে পারবে। ফলে এটি অন্যান্য প্রতিষ্ঠিত অপারেটরদের সেবার একটি শক্তিশালী ও বাস্তবসম্মত বিকল্প হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করবে।
গ্রেইন ম্যানেজমেন্টের কাছ থেকে স্পেকট্রাম নেওয়ার পর স্পেসএক্স দাবি করেছে যে তাদের লো-ব্যান্ড স্পেকট্রাম ও দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট মিলে স্টারলিংক মোবাইল বিশ্বের প্রথম নেটওয়ার্ক অপারেটর হবে। এটি একইসঙ্গে স্যাটেলাইট ও ভূমির ওপর ভিত্তি করে তৈরি উভয় স্পেকট্রাম মোতায়েন করবে যা ঘরের ভেতরেও নির্ভরযোগ্য সেবা দেবে। সম্প্রতি এফসিসি স্পেসএক্সকে ১৫ হাজার স্টারলিংক মোবাইল জেন২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে, যা বর্তমান প্রজন্মের চেয়ে ১০০ গুণ বেশি ব্যান্ডউইথ সরবরাহ করবে।





































