অর্থনীতি ডেস্ক: দেশের শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রযুক্তি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সূর্যের আলো ব্যবহার করে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয় ও জাতীয় গ্রিডে সরবরাহের সমন্বিত সুযোগ রয়েছে এই সিস্টেমে। এর আওতায় ওয়ালটন হাইব্রিড প্রযুক্তির এসি, ফ্রিজ ও স্মার্ট টিভি ছাড়াও সোলার প্যানেল, স্টোরেজ ইনভার্টার ব্যাটারি, ই-বাইক এবং বিভিন্ন গৃহস্থালী পণ্য তৈরি করছে। পর্যাপ্ত সূর্যালোক থাকলে কোনো ধরনের ব্যাটারি ছাড়াই সরাসরি সৌরবিদ্যুতের সাহায্যে এসব হাইব্রিড পণ্য সচল রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী উল্লেখ করেন যে, সোলারের মাধ্যমে ওয়ালটনের এই উদ্যোগ পুরো দেশে ছড়িয়ে পড়তে যাচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে দেশে ব্যাপক বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে সাধারণ মানুষের বিদ্যুতের চাহিদা কম খরচে পূরণ করা যাবে এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, তারা নিজস্ব কারখানায় রুফটপ ও ভাসমান সোলার প্রকল্পের মাধ্যমে বর্তমানে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। কারখানা পরিচালনার পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে তারা জাতীয় গ্রিডে বছরে গড়ে প্রায় ১,১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ সরবরাহ করছে। এই যুগান্তকারী প্রযুক্তি দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে কোম্পানির পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্না সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।





































