ক্যাম্পাস ডেস্ক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমিরেটাস অধ্যাপক এম এ রশিদকে বিশেষ সম্মাননা প্রদান করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। শিক্ষা, গবেষণা এবং শিক্ষকতা পেশায় দীর্ঘ মেয়াদী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা দেওয়া হয়। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীকে অনুপ্রেরণা জোগানোর ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের অংশ হিসেবে একটি আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. হাসান কাউসার এবং মনোনীত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক কে এস সারওয়ার উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকরাও উক্ত আয়োজনে অংশ নেন।
দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকদের টেবিলে শুভেচ্ছা কার্ড ও ফুল রেখে বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষকতার মহান মর্যাদা, দায়িত্ব এবং তরুণ প্রজন্মকে জ্ঞান ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং পরিবর্তনশীল বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ও গবেষণায় শিক্ষকদের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন তারা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে অধ্যাপক এম এ রশিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দেশের ফার্মেসি শিক্ষায় তার অনন্য অবদান এবং শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার দীর্ঘ পথচলাকে এই স্বীকৃতির মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং অনুপ্রেরণাদায়ী শিক্ষকতাকে উৎসাহিত করার মাধ্যমে এসইউবি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দিবসটি পালন করেছে।






































