জাতীয় ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা বা অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্লান্টটির নানা কার্যক্রম সার্বক্ষণিক নজরদারিতে রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা পাওয়া যাবে।
রোসাটমের তথ্য অনুযায়ী, এই স্বয়ংক্রিয় ব্যবস্থায় ৪৩টি সাবসিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি যুক্ত রয়েছে। এসব যন্ত্রপাতির সহায়তায় চুল্লির বর্তমান অবস্থা এবং বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমের সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর ফলে পুরো বিদ্যুৎকেন্দ্রটি অত্যন্ত নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়ে পরিচালনা করা অনেক সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এই নিয়ন্ত্রণব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বা ওআইএসএস। রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে এই অংশটি তৈরি করেছে। রাশিয়ার সীমানার বাইরে নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে রোসাটম।
নিউ ক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুল হাসান জানান, প্রথম ইউনিটে এই ব্যবস্থা যুক্ত করা হয়েছে যা চালুর প্রস্তুতির কাজে সহায়তা করছে এবং পরবর্তীতে দ্বিতীয় ইউনিটেও এটি বসানো হবে। রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ উল্লেখ করেছেন যে, এই যৌথ প্রকল্পটির নতুন প্রযুক্তি জরুরি মুহূর্তে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করার পাশাপাশি অপারেশনাল খরচও কমিয়ে আনবে।





































