সারাদেশ ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই বিশেষ অ্যাপের মাধ্যমে দেশের পূজা মণ্ডপগুলোর বিভিন্ন তথ্য সরাসরি কেন্দ্রীয় হেডকোয়ার্টারে পৌঁছে দেবেন দায়িত্বরত সদস্যরা। প্রতিটি মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত অন্তত দুইজন সদস্যের মুঠোফোনে এই অ্যাপটি ইনস্টল করা থাকবে।
সম্প্রতি কুমিল্লার অভয়াশ্রমে একটি পূজা মণ্ডপ পরিদর্শনের সময় আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা. মাহবুবুর রহমান এই তথ্য গণমাধ্যমকে জানান। তিনি জানান, অ্যাপের মাধ্যমে পাঠানো যেকোনো তথ্য সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা পেয়ে যাবেন। এর ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঝুঁকিপূর্ণ তথ্য আপলোড হলে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যাপে ছবি বা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই জিপিএসের সুবাদে সুনির্দিষ্টভাবে জানা যাবে কোন এলাকার কোন মণ্ডপে ঘটনাটি ঘটেছে। এরপর পুলিশ, বিজিবি, আনসার বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এই প্রযুক্তির ব্যবহারের ফলে পুরো পূজা উৎসবের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন এই উৎসবে কুমিল্লার ১৭টি উপজেলার মোট ৮৪৯টি পূজা মণ্ডপের নিরাপত্তায় পাঁচ হাজার ৩৭৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তারা নির্দিষ্ট সময়ে ভাগ হয়ে মণ্ডপগুলোতে পাহারা দেবেন। সাধারণ মণ্ডপগুলোতে ছয়জন এবং অতিগুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে আটজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। মণ্ডপ পরিদর্শনের সময় কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া ও সদর উপজেলা কমান্ড্যান্ট মো. শামীম হোসেন উপস্থিত ছিলেন।






































