বাংলাদেশ তথ্য কমিশনের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান। একই সঙ্গে তাঁকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (অক্টোবর ১৭) উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাঁকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহাম্মদ খানের অনুকূলে জারি করা মনোনয়ন আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করে তাঁকে মনোনয়ন দেওয়া হয়।




































