জাতীয় ডেস্ক: ফ্যামিলি কার্ড চালু হওয়ার কারণে সমাজে তালাক দেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সম্প্রতি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন। তিনি জানান যে ফ্যামিলি কার্ডগুলো মায়েদের নামে প্রদান করা হবে এবং এর সুবিধা কেবল তারাই ভোগ করবেন। ফলে মায়েদের সন্তানসহ তালাক দেওয়ার সুযোগ আর থাকছে না বলে তিনি উল্লেখ করেন।
সভায় চিফ হুইপ আরও জানান যে এই কার্ডের সুবাদে স্ত্রীদের ওপর নির্ভরশীলতা তৈরি হয়েছে এবং এই প্রশংসনীয় উদ্যোগটি গ্রহণ করেছেন তারেক রহমান। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, এই ধরনের ভালো কাজগুলো বারবার প্রচার করা উচিত যাতে সাধারণ মানুষ সঠিক বিষয়টি জানতে পারে। এছাড়া তিনি বিগত সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির পেছনে একটি নির্দিষ্ট চক্রের হাত ছিল বলে অভিযোগ করেন।
বিদ্যুৎ খাতের সমালোচনা করতে গিয়ে নূরুল ইসলাম মণি বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ চুক্তির যে অর্থ ব্যয় হয়েছে, তা দিয়ে দেশে আরও পাঁচটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা সম্ভব ছিল। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই চুক্তিকে দায়ী করে তিনি সরকারের ওপর চাপ সৃষ্টির বিভিন্ন অপচেষ্টার কথা তুলে ধরেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি জানান যে দেশে বর্তমানে কোনো সংখ্যালঘু সম্প্রদায় নেই এবং ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার জন্য সমান। বিগত দুই বছরে দেশে কোনো প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি বলেও তিনি তার বক্তব্যে দাবি করেন।
উক্ত সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলি উল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা শেষে চিফ হুইপ বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে জনবলসংকট দূর করার প্রতিশ্রুতি দেন। এরপর তিনি পৌর এলাকার কড়ইতলা খালের খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
































