ক্যাম্পাস ডেস্ক: রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু হয়েছে। ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ শীর্ষক এই সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার। আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট যৌথভাবে এই আয়োজনের উদ্যোগ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। এবারের সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভারতসহ মোট ১৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট এবং মালয়েশিয়ার ইউএসআইএমের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে মালয়েশিয়ার ইন্টিগ্রেটেড এডুকেশন, তুরস্কের মারিফ মডেল, ইন্দোনেশিয়ার মারদেকা কারিকুলাম এবং বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা নিয়ে আলোচনা হবে। এসব বিষয়ে গবেষকরা প্রায় একশটি গবেষণাপত্র উপস্থাপন করবেন বলে জানানো হয়েছে। সম্মেলনের প্রথম দিনেই পাঁচটি ভিন্ন সেশনে একাধিক প্রবন্ধ উপস্থাপন করেছেন অংশগ্রহণকারী গবেষকরা।
আগামী সোমবার এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের এই আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের সমাপ্তি ঘটবে। এই আয়োজন বিভিন্ন দেশের শিক্ষাবিদদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।





































