অপরাধ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলার আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন কর্তৃপক্ষ তাকে কবে এবং কীভাবে আটক করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি সংস্থাটি। হান্নানের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবে দুর্নীতি দমন কমিশন। সাবেক এই বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে বিদেশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সরকার বাদী হয়ে সংস্থাটির ঢাকা কার্যালয়ে মামলাগুলো রেকর্ড করেন। অনুসন্ধানে হান্নানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিন কোটির বেশি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গিয়েছিল। পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় সাতাশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়। ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে এসব অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পায় তদন্তকারী দল।
অপর মামলায় হান্নানের স্ত্রী তাহমিদার বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় এবং ওই মামলায় হান্নানকেও আসামি করা হয়। তার স্ত্রী ও ছেলের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের তথ্য পায় দুদক। অনুসন্ধানে কাতার ও দুবাইসহ কয়েকটি দেশে সাবেক এই বিমান বাহিনী প্রধানের ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য উঠে আসে। এছাড়া কানাডায় তার সন্তানদের নামেও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে দাবি করেছিল দুর্নীতি দমন কমিশন। মামলার পর তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং বিভিন্ন স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় আদালত গত বছর হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট এবং একাধিক ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়। পরবর্তীতে তার এক সহযোগীর নামে থাকা ফ্ল্যাট ও ব্যাংক হিসাবও আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়। চলতি বছর অভিযুক্ত দম্পতির আয়কর নথি জব্দের পাশাপাশি বাগেরহাটে থাকা জমি ক্রোকের আদেশ দেওয়া হয়। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে ২০২১ সালে বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ আব্দুল হান্নান। পরবর্তীতে ২০২৪ সালের জুন মাসে তিনি তার মেয়াদ শেষ করে অবসরে যান।


































