আইন-আদালত ডেস্ক: দিল্লি হাইকোর্টে একটি মামলার শুনানিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচি থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখার দাবি জানিয়েছেন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ বা আইসা সভানেত্রী নেহা বোরা। গত ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপির প্রতিবাদ কর্মসূচির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না বলে আদালতে জানানো হয়েছে। নেহার আইনজীবী দাবি করেন, কনট প্লেসের ওই বিক্ষোভে তার মক্কেল জড়িত ছিলেন না এবং তিনি কেবল মান্ডি হাউসে নিজের সংগঠনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আদালতে নেহার পক্ষে উপস্থিত প্রবীণ আইনজীবী শঙ্করনারায়ণ জানান, নেহাকে অল্প সময়ের জন্য আটক করা এবং দিল্লি পুলিশের পক্ষ থেকে নোটিস দেওয়া সম্পূর্ণ বেআইনি ছিল। মূলত দিল্লি পুলিশের দেওয়া সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই ছাত্রনেত্রী। শান্তি বজায় রাখতে ১০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতির ১২৬ ধারায় ওই নোটিস জারি করেছিল পুলিশ।
পুলিশ দাবি করেছিল যে, কনট প্লেসে ককরোচদের ‘লেহরা দো তেরঙা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে নেহাকে আটক করা হয়। তবে নেহার আবেদনে বলা হয়েছে, পুলিশের নোটিসটি ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন। ১৬ অক্টোবর সিজেপির আন্দোলন এবং নেহার মান্ডি হাউসের কর্মসূচি সম্পূর্ণ আলাদা ছিল এবং তিনি বিকেল পাঁচটায় কেবল শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
আবেদনে আরও উল্লেখ করা হয় যে, পুলিশের নোটিসটি অস্পষ্ট, তথ্যগতভাবে ভুল এবং সংবিধানের ১৯ ও ২১ অনুচ্ছেদের পরিপন্থি। শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা বলা হলেও তার সমর্থনে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ বা সময় উল্লেখ করা হয়নি। সিজেপির পূর্বঘোষিত কর্মসূচি এবং দুই সহ-আহ্বায়ককে গ্রেপ্তারের প্রেক্ষাপটে মান্ডি হাউস থেকে আইসা কর্মীদের নিয়ে মিছিল শুরুর পরপরই নেহাকে আটক করা হয়েছিল।






































