অপরাধ ডেস্ক: পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মুজাহিদ ফকিরের ফেসবুক স্টোরিতে আবারও একটি আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও প্রকাশ পেয়েছে। ২২ অক্টোবর দুপুরে এই ভিডিওটি প্রকাশ পাওয়ার প্রায় এক ঘণ্টা পর তা সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগেও তিনি ফেসবুকে অস্ত্র প্রদর্শন করেছিলেন, যা সে সময় পুলিশের তদন্তে খেলনা পিস্তল প্রমাণিত হয়েছিল। নতুন করে এই ভিডিও প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্ষিপ্ত ভিডিওটিতে দেখা যায়, দুজন ব্যক্তি মেঝেতে একটি আগ্নেয়াস্ত্র রেখে সেটি নেড়েচেড়ে প্রদর্শন করছেন। তবে ভিডিওটিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখ বা শরীর স্পষ্টভাবে দৃশ্যমান না থাকলেও বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম জানান, ধরনের অস্ত্রই হোক না কেন, এভাবে প্রদর্শনের মূল উদ্দেশ্য জনমনে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা। তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি একজন প্রতিমন্ত্রী অস্ত্র প্রদর্শনের কারণে মন্ত্রিত্ব হারিয়েছেন, তাই এ ধরনের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, প্রকাশিত ভিডিওটি আসল অস্ত্র কি না এবং এর আইনি বৈধতা রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এটি প্রকাশ করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। তবে অভিযুক্ত মুজাহিদ ফকিরের মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং উপজেলা এনসিপির আহ্বায়ক মো বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।





































