চাকরি ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস থেকে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজের অফার লেটার পেয়েছেন বাংলাদেশি তরুণ আহমেদ কাওছার। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক শাখায় এই পদে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি আমাজন, নকিয়া বেল ল্যাবস এবং অ্যাপলের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশ্বখ্যাত এসব প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং নিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।
চট্টগ্রামের হাটহাজারীর একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠা কাওছার নানা আর্থিক সীমাবদ্ধতা ও সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। তাঁর বাবা মুদি দোকানদার হলেও মা-বাবা সব সময় সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহ জুগিয়েছেন। কাওছার ২০১৫ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ফলিত গণিত বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই প্রযুক্তি, প্রোগ্রামিং এবং মেশিন লার্নিংয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। তিনি ২০২২ সালে আমাজন মিউজিকে অ্যাপ্লায়েড সায়েন্টিস্ট ইন্টার্ন হিসেবে কাজের সুযোগ পান এবং পরবর্তীতে আমাজন অ্যালেক্সা এআইয়ে কাজ করেন। এরপর তিনি নকিয়া বেল ল্যাবস ও অ্যাপল ইনকরপোরেটেডে রিসার্চ ইন্টার্ন হিসেবে যুক্ত ছিলেন। এই প্রতিষ্ঠানগুলোতে কাজের সুবাদে তিনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং বিভিন্ন জটিল প্রযুক্তিগত সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পান।
কাওছার সম্প্রতি মেটার মেনলো পার্ক শাখায় মাল্টিমোডাল এলএলএম ইন্টার্ন হিসেবে যুক্ত হয়েছিলেন। সেখানে তাঁর কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রতিষ্ঠানটি তাঁকে ফুল-টাইম রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ দেয়। তাঁর এই সাফল্যের পেছনে ছিল কঠোর পরিশ্রম, শেখার প্রবল আগ্রহ এবং নিরলস অধ্যবসায়। কাওছারের এই অর্জন দেশের তরুণ প্রজন্মের কাছে প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বড় একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।






































