মাহমুদ রাকিব একজন বাংলাদেশী সাংবাদিক ও লেখক। বর্তমানে তিনি দেশের প্রথম বিজনেস ভিত্তিক টেলিভিশন ‘এখন টিভি’র অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের টেলিভিশন সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সংবাদ সংগ্রহ, মাঠপর্যায়ের রিপোর্টিং, জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা কভারেজ এবং সংবাদ ব্যবস্থাপনায় দক্ষতার মাধ্যমে তিনি নিজেকে একজন অভিজ্ঞ সংবাদকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তালুকদার পরিবারে জন্ম নেওয়া মাহমুদ রাকিব ছোটবেলা থেকেই সংবাদ ও সমসাময়িক ঘটনাপ্রবাহের প্রতি গভীর আগ্রহী ছিলেন। পড়াশোনা শেষ করে ব্যাংকিং পেশায় যুক্ত হলেও সংবাদমাধ্যমের প্রতি আকর্ষণ তাকে সাংবাদিকতায় নিয়ে আসে। ২০১২ সালে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশনের প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন।
দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার পর তিনি কিছু সময় চ্যানেল ২৪–এ কাজ করেন। পরবর্তীতে ২০১৪ সালে সময় টেলিভিশনে প্রতিবেদক হিসেবে যোগ দেন এবং সেখানে প্রায় আট বছর সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের শেষ দিকে তিনি এখন টেলিভিশনে যোগ দেন এবং বর্তমানে অ্যাসাইনমেন্ট ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন।
সাংবাদিকতা জীবনে তিনি দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনা কাছ থেকে পর্যবেক্ষণ ও কভার করার সুযোগ পেয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলনের ঘটনাপ্রবাহ তিনি সরাসরি মাঠপর্যায় থেকে প্রত্যক্ষ করেন। সেই অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বাস্তবতার প্রতিফলন ঘটেছে তার রচিত গ্রন্থ ‘দ্য ইকোস অব রেড জুলাই’-এ।
পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা এবং সত্য অনুসন্ধানের প্রত্যয়ে কাজ করে যাওয়া মাহমুদ রাকিব সমসাময়িক বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।