প্রায় তিন শতাধিক নবীন সদস্যকে বরণ করে নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্কিল ডেভেলপমেন্ট সংগঠন সলভার গ্রীন।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভবনের তৃতীয় তলায় সলভার গ্রীনের ৭ম ফ্রেশারস রিসিপশন ও ইন্ডাস্ট্রি কানেক্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিখা রানী শীল ও শাহরিয়ার লিওনের সঞ্চালনায় অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার মো. শাহিনুর আলম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. রুবেল হোসেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলভার গ্রীনের উপদেষ্টা ড. মো. ফিরোজ আলী। অনুষ্ঠানে সলভার গ্রীনের সভাপতি আল মোত্তাকিম শুভ ও সাধারণ সম্পাদক রোকসানা আক্তার বৈশাখীসহ সংগঠনটির অন্যান্য সদস্য এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের একাডেমিক ও পেশাগত জীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। শিল্পখাতের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে ইন্ডাস্ট্রি কানেক্ট পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় কি-নোট স্পিকার মো. শাহিনুর আলম বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; দক্ষতা, যোগাযোগক্ষমতা, প্রযুক্তিজ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে। বর্তমান চাকরির বাজারে ডিগ্রির পাশাপাশি দক্ষ ও যোগ্য প্রার্থীদের গুরুত্ব বেশি। তাই শিক্ষাজীবন থেকেই ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও সহশিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হয়ে নিজের দক্ষতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন কিছু শেখার মানসিকতা রাখতে হবে। সফল ক্যারিয়ারের জন্য আত্মবিশ্বাস, পরিশ্রম, সততা ও ধৈর্যকে নিজের শক্তিতে পরিণত করতে হবে। তাঁর ভাষায়, ‘সনদ চাকরির দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু দক্ষতাই একজনকে সেই চাকরিতে টিকিয়ে রাখে।’
এবারের নবীনবরণ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
সর্বশেষ সংবাদ
তিন শতাধিক সদস্যকে নিয়ে পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত ০৮:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- ২০ বার পঠিত
জনপ্রিয়





























