দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের ২৪ জানুয়ারি (২০২৭) তৃতীয় সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ১০ নভেম্বর। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে না পারার আশঙ্কা থেকে সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তৃতীয় সমাবর্তনের তারিখ, নিবন্ধন ফি ও সময়সীমা ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েটদের ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পোর্টালে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রাথমিক বিজ্ঞপ্তিতে স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রির জন্য একসঙ্গে নিবন্ধন করলে ফি নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার টাকা।
পরবর্তী সময়ে গত ২৬ অক্টোবর প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে নিবন্ধন ফি কমানো হয়। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য নিবন্ধন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রির জন্য একসঙ্গে নিবন্ধন করলে দিতে হবে ৫ হাজার টাকা।
এদিকে, নিবন্ধনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সাত বছর পর সমাবর্তন আয়োজন করা হচ্ছে। জানুয়ারির শেষ দিকে সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় নভেম্বর মাসজুড়ে নিবন্ধনের সুযোগ রাখা উচিত। এতে গ্র্যাজুয়েটরা প্রয়োজনীয় অর্থের সংস্থান ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় পাবেন।
তাঁরা আরও বলেন, পূজার ছুটির পরপরই একসঙ্গে কয়েক হাজার টাকা জোগাড় করা অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে পড়তে পারে। এ অবস্থায় নিবন্ধনের সময়সীমা নভেম্বর মাসের শেষ পর্যন্ত বাড়ানো হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
শিক্ষা বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তারিন সেজান বলেন, “আমাদের তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ও যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে স্নাতকদের জন্য ৪ হাজার এবং স্নাতকোত্তরদের জন্য ৫ হাজার টাকা নির্ধারণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
একই সঙ্গে নিবন্ধনের সময়সীমা ১০ নভেম্বর থেকে আরও কিছুদিন বাড়ানোর বিনীত অনুরোধ জানাচ্ছি।
অনেক শিক্ষার্থীকে এখনো আর্থিক প্রস্তুতি ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারে নি। সময়সীমা বাড়ানো হলে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবে।”
সমাজবিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ রাকিবুল হাসান বলেন “সমাবর্তনে ১০-১৬ তম ব্যাচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ১৫ ব্যাচের এখনও বেশ কিছু বিভাগের মাস্টার্স পরীক্ষা শেষ হলেও রেজাল্ট হয়নি। কিংবা কিছু বিভাগের পরীক্ষা এ মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে। যেহেতু আমাদের ব্যাচকে সমাবর্তনে মাস্টার্স সহ অন্তর্ভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে রেজিষ্ট্রেশনের আর কিছু দিন সময় বৃদ্ধি করলে আমরা অনার্স মাস্টার্স উভয়টি অন্তর্ভুক্ত করে রেজিষ্ট্রেশন করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে মাস্টার্সের মূল সার্টিফিকেট উত্তোলন নিয়ে ভোগান্তি পোহাতে হতো না।”
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “সমাবর্তনের নিবন্ধনের জন্য এখনো পর্যাপ্ত সময় রয়েছে। তবে জরুরি প্রয়োজনে সময়সীমা বাড়ানোর প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।”
উল্লেখ্য, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন বলে বিশ্ববিদ্যালয়ের ঘোষণায় জানানো হয়েছে।



























