জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইনস্টিটিউটটির পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, নতুন পরিচালকের নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন। নবনিযুক্ত পরিচালককে যথাসময়ে নিয়োগপত্র গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়েছে।




























