প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক করতে নতুন কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে প্ল্যাটফর্মটিতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শপিং অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ান-ক্লিক চেকআউট সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও দেখার সময় সরাসরি বিভিন্ন ব্র্যান্ডের পছন্দের পণ্য বা পোশাক কিনতে পারবেন।
টিকটকের দেওয়া তথ্য অনুযায়ী, এই নতুন শপিং অ্যাসিস্ট্যান্টটি মূলত একটি কথোপকথনমূলক এআই এজেন্ট হিসেবে কাজ করবে। এটি অনলাইন ক্রেতাদের সঠিক পণ্য খুঁজে বের করতে এবং তা কিনতে সহায়তা করবে। কেনাকাটার বিভিন্ন নির্দেশনা দেওয়ার পাশাপাশি এটি পণ্যের বিবরণ, ডেলিভারির সম্ভাব্য সময়, সাইজ এবং স্টক সংক্রান্ত সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের নিয়মিত ‘ফর ইউ ফিড’ থেকেই মাত্র এক ক্লিকে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্য সংগ্রহ করতে পারবেন। এর ফলে ঘরের বসে ঝামেলাহীনভাবে কেনাকাটা করার দারুণ সুযোগ তৈরি হয়েছে। মূলত টিকটকের নিজস্ব মার্কেটপ্লেস ‘টিকটক শপ’-এর বাইরেও সার্বিক অনলাইন কেনাকাটার পরিধি বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই আধুনিক সুবিধাগুলো কার্যকর করতে টিকটক ইতিমধ্যে সেলসফোর্স, শপিফাই, শপলাজা এবং স্ট্রাইপের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি ও পেমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর ফলে সাধারণ টিকটক শপের তুলনায় ব্যবহারকারীরা আরও বেশি সুবিধা ভোগ করবেন। তবে এই মুহূর্তে সেবাটি কেবল যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে।





































