বিনোদন ডেস্ক: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সহধর্মিণী লুৎফুন্নেসার বর্ণাঢ্য ও সংগ্রামমুখর জীবনকাহিনি নিয়ে মঞ্চে আসছে নতুন নাটক ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’। শব্দ নাট্যচর্চা কেন্দ্র তাদের একত্রিশতম প্রযোজনা হিসেবে এই বিশেষ নাটকটি দর্শকদের সামনে নিয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একই স্থানে ও সময়ে এই নাটকটির দ্বিতীয় প্রদর্শনী সম্পন্ন হয়। সঞ্জয় চট্টোপাধ্যায়ের লেখা এই নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।
নাটকটির কাহিনী বিন্যস্ত হয়েছে ১৭৯০ সালের একটি গোধূলিবেলায় মুর্শিদাবাদের খোশবাগে নবাব সিরাজউদ্দৌলার সমাধির পাশে দাঁড়িয়ে থাকা বয়োবৃদ্ধ লুৎফুন্নেসার স্মৃতিচারণের মধ্য দিয়ে। রাজপ্রাসাদের অপরিসীম ক্ষমতা ও জৌলুশ হারিয়ে তিনি কীভাবে সাধারণ মানুষের কাছে মমতাময়ী ‘বেগমআম্মা’ হয়ে উঠেছিলেন, তা ফুটিয়ে তোলা হয়েছে এতে। সিরাজউদ্দৌলার সমাধির সামনে দাঁড়িয়ে লুৎফুন্নেসার স্মৃতিচারণে উঠে এসেছে হীরাঝিলের রঙিন দিনগুলো এবং তাদের দাম্পত্য জীবনের নানা স্মৃতি। এছাড়া নবাবী অন্দরমহলের বিভিন্ন সম্পর্ক ও দ্বন্দ্বের পাশাপাশি ক্ষমতার অন্তরালে চলা রাজনৈতিক ষড়যন্ত্রের চিত্রও এই নাটকে স্থান পেয়েছে।
লুৎফুন্নেসার বয়ানে নাটকে আরও ফুটিয়ে তোলা হয়েছে পলাশীর প্রান্তরে মীরজাফর ও ইংরেজদের বিশ্বাসঘাতকতার মর্মান্তিক ইতিহাস। পরাজয়ের পর সিরাজের পলায়ন, দানশা ফকিরের কাছে ধরা পড়া, জিনজিরা হাভেলিতে বন্দিজীবন এবং সিরাজের মৃত্যুর পর নবাব পরিবারের ওপর নেমে আসা নির্যাতনের কাহিনীও তুলে ধরা হয়েছে। নাটকের নির্দেশক শামীম সাগর জানান, ইতিহাসের পাতায় উপেক্ষিত নারী চরিত্রগুলোর ভেতরের আকুতি ও বেদনা মঞ্চে ফুটিয়ে তোলার এটি একটি আন্তরিক প্রয়াস। প্রেম, স্মৃতি, বিশ্বাসঘাতকতা ও মানবতার মেলবন্ধনে তৈরি এই নাটকটি শেষ পর্যন্ত ক্ষমতা না কি মানুষের হৃদয় জয় করা—এই প্রশ্ন দর্শকদের সামনে হাজির করবে।
এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওশন জান্নাত রুশনী ও ইনতিশা তাশদীদ তাহা। নির্দেশনার পাশাপাশি নাটকটির মঞ্চ, আলো, আবহসংগীত ও প্রকাশনার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন শামীম সাগর। এছাড়া নাটকটির কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন অনিকেত পাল বাবু এবং রূপসজ্জার দায়িত্বে ছিলেন শুভাশীষ দত্ত তন্ময়। ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এই নাটকটি অতীত ইতিহাসের মুখোমুখি দাঁড় করানোর পাশাপাশি দর্শকদের মনস্তাত্ত্বিক খোরাক জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


































