তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএইচপি ফ্যামিলি প্রেজেন্টস নেচার ফেস্ট ২.০-২০২৬।
সংগঠন ‘Nature Conservation Initiative (NCI)’-এর উদ্যোগে এবং পিএইচপি ফ্যামিলির (PHP Family) টাইটেল স্পন্সরশিপে আগামী ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকাল সোয়া চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রাজন শাহরিয়ার জানান, পরিবেশ সংরক্ষণ কেবল আলোচনার বিষয় নয়; বরং এর জন্য প্রয়োজন সচেতনতা, সৃজনশীল চিন্তাভাবনা, গবেষণা, উদ্ভাবন এবং বাস্তবভিত্তিক উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণের কার্যক্রমে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই লক্ষ্যকে সামনে রেখে ‘নেচার ফেস্ট ২.০’-তে বিভিন্ন বয়স ও শিক্ষাগত পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোট আটটি প্রতিযোগিতা ও কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণের বিষয় হলো, এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না।
ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফটোগ্রাফি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক প্রকল্প প্রদর্শনী, ট্রেজার হান্টিং এবং পরিবেশবিষয়ক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা।
আয়োজকরা আরও জানান, শিক্ষার্থীরা যাতে কেবল প্রতিযোগিতায় অংশগ্রহণেই সীমাবদ্ধ না থাকে, বরং পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে এবং পরিবেশ সংরক্ষণে নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন হতে পারে—সেটাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে পোস্টার প্রেজেন্টেশন ও পরিবেশবিষয়ক প্রকল্প প্রদর্শনী শিক্ষার্থীদের পরিবেশের বিভিন্ন সমসাময়িক সমস্যা, সম্ভাব্য সমাধান এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনের এক অনন্য সুযোগ করে দেবে।
সংবাদ সম্মেলন শেষে আগামী ১৪ নভেম্বর জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত এই উৎসবে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়।


































