অর্থনীতি ডেস্ক: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের প্রথম মাস অক্টোবরে ইতিবাচক প্রবৃদ্ধিতে ফিরেছে বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ ভ্যাট। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই বিশেষ ইউনিটটি সদ্য সমাপ্ত মাসে আট হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকার বেশি রাজস্ব সংগ্রহ করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহ দুই হাজার ১৮৫ কোটি টাকারও বেশি বেশি।
সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে এলটিইউ ভ্যাটের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশে। এর আগের অর্থবছর অক্টোবরে এই ইউনিটটির মাধ্যমে ছয় হাজার ৩৪০ কোটি টাকার বেশি ভ্যাট আদায় হয়েছিল। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে সংস্থাটির এই অর্জন।
এনবিআরের তথ্য অনুযায়ী, অক্টোবরে এলটিইউ ভ্যাটের জন্য ১০ হাজার ৬৮৮ কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্য পূরণ না হলেও সংগৃহীত এই পরিমাণ অতীতের যেকোনো অক্টোবরের তুলনায় বেশি। এর আগে চলতি অর্থবছরের প্রথম মাসগুলোতে এই ইউনিটের রাজস্ব আদায় ৩০ শতাংশের বেশি নেতিবাচক ধারায় ছিল।
সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, এলটিইউ ভ্যাট ২০২১-২২ থেকে শুরু করে বিভিন্ন অর্থবছরের অক্টোবরে তুলনামূলক কম রাজস্ব সংগ্রহ করেছিল। চলতি অর্থবছরের প্রথম সাড়ে চার মাসে এনবিআর সাধারণত কোনো নির্দিষ্ট মাসের রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করেনি। প্রথমবারের মতো কোনো একক সংস্থা বা ইউনিটের এমন ইতিবাচক ধারায় ফেরার তথ্য প্রকাশ করল কর কর্তৃপক্ষ।




































