সারাদেশ ডেস্ক: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা শুরু হতেই ভোলার চরফ্যাশন উপজেলা সদরের লেপ-তোশকের দোকানগুলোতে কর্মব্যস্ততা বেড়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের আমেজ অনুভূত হওয়ায় সাধারণ মানুষ এখন প্রস্তুতি নিচ্ছেন। উপজেলার বিভিন্ন দোকানে তুলা, কাপড় ও সুতার সাহায্যে নতুন লেপ তৈরির কাজ পুরোদমে চলছে। সকাল থেকে রাত পর্যন্ত কারিগরেরা নিপুণ হাতে ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন।
চরফ্যাশন সদরের সুমন বেডিংয়ে সরেজমিনে দেখা গেছে, দোকানের ভেতরে কাপড় মাপা, তুলা বিছানো এবং সুই-সুতার কাজ চলছে। কারিগর শরীফ হোসেন ও শফিক জানান, শীত মৌসুমে কাজের চাপ অনেক বেড়ে যায়। কাপড়ের ভেতরে তুলা সমানভাবে বিছানো এবং নিখুঁত সেলাই নিশ্চিত করতে তাদের অভিজ্ঞতা ও ধৈর্য্য কাজে লাগাতে হয়।
দোকানটির মালিক সেলিম বলেন, শীতকাল তাদের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুম। এই সময়ে নতুন লেপ তৈরির পাশাপাশি পুরোনো লেপ মেরামতের কাজও আসে। ক্রেতাদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মান ও দামের লেপ সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য।
দোকানে আসা ক্রেতা সাইফুল ইসলাম রুবেল জানান, নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী মানসম্মত কাপড় ও তুলা দিয়ে লেপ তৈরি করা দীর্ঘস্থায়ী হয়। আধুনিক কম্বলের প্রচলন থাকলেও স্থানীয়দের কাছে লেপের চাহিদা এখনও যথেষ্ট রয়েছে।
শীতের এই মৌসুমি ব্যবসা স্থানীয় অর্থনীতিতে বাড়তি গতি সঞ্চার করছে। দোকান মালিকদের ব্যবসা এবং কারিগরদের শ্রমের ওপর নির্ভর করে শীতের এই প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।





































