অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ পুলিশের সদস্যরা এখন থেকে বিশেষ আর্থিক সুবিধার আওতায় জনপ্রিয় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনতে পারবেন। এই উদ্দেশ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইফাদ মটরস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এই চুক্তির আওতায় যোগ্য পুলিশ সদস্যরা মোটরসাইকেল ক্রয়ের জন্য সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। এই বিশেষ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ। এছাড়া ঋণগ্রহীতা পুলিশ সদস্যরা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত এই ঋণ পরিশোধের মেয়াদ পাবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমেও এই ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আর্থিক সেবা প্রদান করে আসছে এই ব্যাংকটি। ইফাদ মটরসের সঙ্গে নতুন এই চুক্তির ফলে পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয়ে অর্থায়ন পাওয়া আরও সহজ হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এছাড়া ইফাদ গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আফছার উদ্দিন।































