প্রযুক্তি ডেস্ক: বিশ্বের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠানে হানা দিচ্ছে ‘আর্টেক্স’ নামের একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। মানুষের সামান্য সহায়তা নিয়ে বা পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে যেকোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে মাত্র কয়েক মিনিটের মধ্যে সাইবার হামলা চালাতে সক্ষম এই টুলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, তুলনামূলকভাবে অনভিজ্ঞ হ্যাকাররাও এই টুল ব্যবহার করে বিভিন্ন সেবা ও প্ল্যাটফর্মে সহজেই অনুপ্রবেশ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্যাংকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কোম্পানির ওপর চালানো সাইবার হামলার সঙ্গে এই টুলের যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।
চলতি বছরের জুলাইয়ে ‘অটাম-২৭’ নামের এক ব্যবহারকারী চাইনিজ ইন্টারফেইসওয়ালা এই টুলটি সফটওয়্যার নির্মাতাদের প্ল্যাটফর্ম গিটহাবে আপলোড করার পর বিষয়টি সবার নজরে আসে। পরবর্তীতে প্ল্যাটফর্মটি থেকে টুলটি সরিয়ে নেওয়া হলেও এর বিস্তার রোধ করা যায়নি এবং এটি ইন্টারনেটে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইনফ্রাওয়াচের তথ্য অনুযায়ী, বর্তমানে এই সফটওয়্যারের ১৩০টিরও বেশি সংস্করণ বাজারে রয়েছে। অটোনোমাস অফেন্সিভ ফ্রেমওয়ার্কস বা এওএফ শ্রেণির টুলের অংশ হিসেবে এটি বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
মাইক্রোসফটের ভাষ্যমতে, গোপন তথ্য অনুসন্ধান, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি এবং ইন্টারনেটের সঙ্গে যুক্ত সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, তা যাচাই করতে এই টুলটি ব্যবহৃত হয়েছে। কোনো হামলাকারী আর্টেক্সে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে দেওয়ার পর টুলটি নিজে থেকেই বিভিন্ন এআই এজেন্টের মাধ্যমে পরিকল্পনা সাজিয়ে সরাসরি হামলা চালায়। এটি কোনো নির্দিষ্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর নির্ভরশীল নয় এবং কাজের সময় এক মডেল থেকে অন্য মডেলে সরে গিয়ে প্রচলিত নিরাপত্তা বাধাও সহজে এড়িয়ে চলতে পারে। সুরক্ষার ধরন অনুযায়ী সিস্টেমের প্রতিরক্ষা ব্যুহ ভেঙে ভেতরে ঢুকতে টুলটির মাত্র কয়েক মিনিট সময় লাগে।
সিআইএ-এর সাবেক অপারেশনস কর্মকর্তা শন উইলিয়ামস জানিয়েছেন, আর্টেক্সের মতো টুলগুলো অপরাধীদের আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত, কার্যকর ও সাশ্রয়ী উপায়ে সিস্টেমের দুর্বলতা কাজে লাগাতে সাহায্য করছে। টুলটি সম্পূর্ণ নতুন কোনো কৌশল ব্যবহার না করে প্রচলিত কৌশলগুলোকেই একত্র করে দ্রুততার সঙ্গে শক্তিশালী হামলা পরিচালনা করে। এর ফলে কোম্পানিগুলোর পক্ষে এই ধরনের আক্রমণ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, যদিও হামলার সময় সিস্টেমে খুব অল্প সময়ের ব্যবধানে অসংখ্য রিকোয়েস্ট আসার প্রবণতা দেখা যায়।






























