আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ) গত ২৭ নভেম্বর ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজন করে সংগঠনটির দ্বিবার্ষিক সম্মাননা অনুষ্ঠান ‘এএএ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর অষ্টম আসর। যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাগত ও পেশাগত সম্পৃক্ততা রয়েছে – এমন বিশিষ্ট ব্যক্তিদের অসামান্য অর্জন, নেতৃত্ব, উদ্ভাবন এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি জানাতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিশিষ্ট প্রতিনিধি, ঢাকাস্থ মার্কিন দূতাবাস, কূটনৈতিক অঙ্গনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, পেশাজীবী এবং অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী মাননীয় আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মাননীয় আবদুল আউয়াল মিন্টু, এমপি। অনুষ্ঠানটি এএএ-এর সভাপতি, অনন্ত গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্বাহী কমিটির সদস্য এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান জনাব শরীফ জহীরের নেতৃত্বে আয়োজিত হয়।
এএএ অ্যাওয়ার্ডস ২০২৬-এর সাতটি বিভাগে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে এবং দুটি বিশেষ সম্মাননায় আরও দুজন গুণী ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়।
সাতটি বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন:
• শিল্প ও সংস্কৃতি (Arts & Culture): চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও গবেষক মিস রুবাইয়াত হোসেন।
• শিক্ষা (Education): নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) অধ্যাপক ও উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী।
• উদ্ভাবন ও ব্যবসা (Innovation & Business): নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক ও অধ্যাপক ড. নোভা আহমেদ।
• নীতি ও সুশাসন (Policy & Governance): জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মিস আইরিন খান।
• জনকল্যাণ ও আন্তর্জাতিক উন্নয়ন (Public Affairs & International Development): পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার।
• বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology): ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেন।
• সমাজসেবা (Service to Society): ব্র্যাকের নির্বাহী পরিচালক জনাব আসিফ সালেহ।
এছাড়া, জনস্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এএএ আজীবন সম্মাননা প্রদান করা হয় ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরীকে। তিনি ব্র্যাকের সাবেক ভাইস চেয়ার, কলাম্বিয়া ইউনিভার্সিটির মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ ক্লিনিক্যাল পপুলেশন অ্যান্ড ফ্যামিলি হেলথ বিভাগের অধ্যাপক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের উপদেষ্টা।
অন্যদিকে, কূটনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে অসামান্য নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এএএ বিশিষ্ট রাষ্ট্রনায়ক সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি মাননীয় ড. খলিলুর রহমানকে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এএএ-এর সভাপতি জনাব শরীফ জহীর মন্ত্রীবৃন্দ, আমন্ত্রিত অতিথি, অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদ, অ্যাওয়ার্ডস কমিটি এবং এএএ-এর পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে তিনি উল্লেখ করেন, চলতি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা পুনরায় অর্জন করেছে, যা দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট অর্থনৈতিক অঞ্চলসহ জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প এবং খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। তিনি বলেন, বাণিজ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সুদৃঢ় করেছে, আর বিনিয়োগ এই সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করতে পারে।
যুক্তরাষ্ট্রের উদারশিক্ষা ব্যবস্থার মূল্যবোধ তুলে ধরে তিনি সমালোচনামূলক চিন্তা, মুক্তমনা দৃষ্টিভঙ্গি, আন্তঃবিষয়ক জ্ঞানচর্চা এবং আজীবন শেখার গুরুত্বের ওপর আলোকপাত করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো ও ক্ষমতার ভারসাম্য রক্ষার ব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বাংলাদেশের জন্যও এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যা ব্যক্তি বা নেতৃত্বের পরিবর্তনের ঊর্ধ্বে থেকে দেশের টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করবে। এএএ-এর তিন দশক পূর্তির পথে তিনি প্রজন্মের মধ্যে সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে অ্যাসোসিয়েশনকে আরও প্রাণবন্ত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
১৯৯৮ সালের ১২ মার্চ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে প্রতিষ্ঠিত আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন গত ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশি অ্যালামনাইদের একত্রিত করার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারে কাজ করে আসছে। ২০০৫ সালে প্রথম প্রবর্তিত এএএ অ্যাওয়ার্ডস বর্তমানে অসামান্য অর্জন, নেতৃত্ব ও সমাজে অবদানের স্বীকৃতি প্রদানের একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করা হয় একটি স্বাধীন বিচারকমণ্ডলীর মাধ্যমে, যা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে স্বীকৃতি প্রদানে অ্যাসোসিয়েশনের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
এএএ অ্যাওয়ার্ডস ২০২৬ আয়োজনে সহযোগী হিসেবে ছিলেন দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান । টাইটেল স্পন্সর: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি); প্লাটিনাম স্পন্সর: জিপিএইচ ইস্পাত লিমিটেড, অনন্ত টেরেসেস ও ইপিলিয়ন গ্রুপ; গোল্ড স্পন্সর: বারাকা গ্রুপ, ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পানাম গ্রুপ, কনফিডেন্স গ্রুপ ও আবুল খায়ের গ্রুপ; এবং পাবলিকেশন স্পন্সর: তুরাগ অ্যাকটিভ, নিউ জিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ, ক্রস ওয়ার্ল্ড গ্রুপ, কনকা অ্যান্ড গ্রি, ম্যাকডোনাল্ড এবং ডাবল ওয়েভ (বিডি) লিমিটেড।
এএএ অ্যাওয়ার্ডস ২০২৬-এর মধ্য দিয়ে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের গুণী ও কৃতী ব্যক্তিদের স্বীকৃতি প্রদান, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং জ্ঞান, নেতৃত্ব, উদ্ভাবন ও সমাজসেবার মাধ্যমে একটি অগ্রসর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ):
১৯৯৮ সালের ১২ মার্চ প্রতিষ্ঠিত আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি অলাভজনক সংগঠন, যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা অর্জনকারী বাংলাদেশি অ্যালামনাইদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার, শিক্ষা ও পেশাগত সম্পৃক্ততা বৃদ্ধি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে।





































