অপরাধ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী কনসার্ট শেষ করে ফেরার পথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। শনিবার রাতে এই স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহভাজন নয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগান শহীদ শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও কনসার্টের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন এবং অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় একদল তরুণ স্লোগান দেওয়া শুরু করে। মিছিলের সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং শেখ হাসিনাকে নিয়ে নানা স্লোগান দিতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে স্থানীয় বিএনপি কর্মীরা এগিয়ে আসে এবং স্লোগান দেওয়া যুবকদের মধ্য থেকে কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, কনসার্ট থেকে ফেরার পথে নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দেওয়ার কারণে তাদের আটক করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



































