বিনোদন ডেস্ক: দীর্ঘ তিন যুগ ধরে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। অভিনয় ক্যারিয়ারে নানা বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করে তিনি নন্দিত হয়েছেন। তার অভিনীত ২০০০ সালের ‘মালেনা’ সিনেমাটি আজও দর্শকের মনে বিশেষভাবে দাগ কেটে আছে।
জুসেপ্পে তর্নাতোরের পরিচালনায় নির্মিত ওই সিনেমায় বেশ কিছু খোলামেলা ও নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন মনিকা। গল্পের গভীরতা ফুটিয়ে তুলতে তার সেই সাহসী অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। মারাকেশ চলচ্চিত্র উৎসবে ভ্যারাইটির আয়োজনে এক বিশেষ মাস্টারক্লাসে তিনি নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন।
ফ্যাশনজগৎ থেকে আসার কারণে নিজের শরীর নিয়ে আগে থেকেই একধরনের স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্য ছিল বলে জানান এই অভিনেত্রী। তিনি মনে করেন, ফ্যাশনে কাজ করার পূর্ব অভিজ্ঞতা তার অভিনয়জীবনে বেশ সহায়ক ভূমিকা পালন করেছে।
নগ্ন দৃশ্যে অভিনয় প্রসঙ্গে মনিকা জানান, চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রীদের শরীর অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এখনো রাখছে। ‘পুওর থিংস’ বা ‘আনোরা’র মতো সাম্প্রতিক সিনেমাতেও এমন নিদর্শন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কোনো চরিত্রের প্রয়োজনে নগ্নতা কেবল অভিনয়ের একটি উপকরণ হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেন মনিকা। এটিকে স্রেফ শরীর প্রদর্শনের উপায় না ভেবে পোশাকের মতো একটি মাধ্যম হিসেবে দেখা উচিত, যা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘মালেনা’ সিনেমাটি মুক্তির পর আন্তর্জাতিক অঙ্গনে তাকে আরও পরিচিত করে তোলে এবং অস্কারে মনোনয়ন পেয়েছিল।






























