কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কবি নজরুল সরকারি কলেজে এশিয়া পোষ্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল এগারো টায় কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম, যুগ্ম-আহবায়ক জামাল খান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি, ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষার্থীরা।
ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমান এশিয়া পোস্টকে শুভকামনা জানিয়ে বলেন, আমরা প্রত্যাশা করি, এশিয়া পোস্ট জনগণের মূল্যবোধ ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করবে।
কবি নজরুল কলেজ ছাত্র অধিকারের পরিষদের সভাপতি নাহিদ হাসান এশিয়া পোস্টকে শুভকামনা জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। যেমন সকালে থেকে উঠে আয়না দেখি চেহারায় কোন ময়লা থাকলে তা দেখতে পারি। এশিয়া পোস্টের কাছেও আমাদের চাওয়া আয়নার মতো আপনাদের কাজে যেন আমরা সেই স্বচ্ছতা দেখতে পারি।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, সরকারি দল ও বিরোধী দল অনেক সময় সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে মনে করে। বিপক্ষে সংবাদ প্রকাশিত হলে আমরা আক্রমণাত্মক হয়ে উঠি। তবে আমি মনে করি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাহসী ভূমিকা রাখাই সাংবাদিকতার মূল শক্তি। এই ধরনের চ্যালেঞ্জিং উদ্যোগ নেওয়ার জন্য এশিয়া পোস্টকে ধন্যবাদ জানাচ্ছি।
এশিয়া পোস্টের সফলতা ও সমৃদ্ধি কামনা করে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এশিয়া পোস্ট দেশে অনন্য উদাহরণ সৃষ্টি করবে এই প্রত্যাশা রইলো।
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ বলেন, এশিয়া পোস্ট নিরপেক্ষতার বার্তা নিয়ে যাত্রা শুরু করেছে। গত তিন মাসে তারা সেই নিরপেক্ষতার প্রমাণ দিয়েছে। আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।
আলোচনা সভা শেষে কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করা হয়। এসময় এশিয়া পোস্টের কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি আরিফ ফয়সাল সকলের সহযোগিতা কামনা করেন।

















