আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ও পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই দশকেরও বেশি সময় ধরে মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এই দুই মহাতারকার এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা ফুটবলবিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বিশ্বকাপজয়ী মেসি। নীল-সাদা জার্সি আর গায়ে জড়াতে না পারার অনুভূতি ইতোমধ্যেই তাকে নাড়া দিচ্ছে বলে জানান তিনি।
নিজের বিদায়ী পোস্টে মেসি লেখেন, ‘গতকাল ছিল জাতীয় দলে আমার শেষ ম্যাচ এবং নীল-সাদা জার্সিটা গায়ে জড়ানোর অভাব এখনই অনুভব করছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আনন্দ আর কিছুটা বিষাদে ভরা। তবে এটুকু নিশ্চিত যে, আমার নেওয়া প্রতিটি পদক্ষেপই ছিল সার্থক।’
দীর্ঘ এই যাত্রায় পরিবারের অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেন মেসি। কঠিন সময়গুলোতে পরিবার তার পাশে থেকেছে এবং প্রয়োজনের সময় সাহস জুগিয়েছে বলেও জানান আর্জেন্টাইন মহাতারকা।
বন্ধু, সতীর্থ ও কোচিং স্টাফদের পাশাপাশি আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন মেসি। দেশের ফুটবলে ম্যারাডোনার অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, তার বিশ্বাস, ম্যারাডোনা সবসময় তাদের পাশে আছেন এবং স্বর্গ থেকেও সহায়তা করছেন।
জাতীয় দলের পাশাপাশি ক্যারিয়ারে যেসব ক্লাবের হয়ে খেলেছেন, সেসব ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইন্টার মায়ামির এই তারকা। একই সঙ্গে সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মেসির এই আবেগঘন বিদায়ী পোস্টে মন্তব্য করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এই দুই তারকার সম্পর্ক মাঠের লড়াইয়ের বাইরে যে পারস্পরিক শ্রদ্ধায় পরিপূর্ণ, রোনালদোর বার্তায় সেটিই যেন আরও একবার স্পষ্ট হলো।
মেসিকে উদ্দেশ করে রোনালদো লেখেন, ‘লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস গড়েছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা।’
ফুটবল ইতিহাসে মেসি-রোনালদোর দ্বৈরথ সর্বকালের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিবেচিত। দীর্ঘ ক্যারিয়ারে দুজনের অসংখ্য ব্যক্তিগত ও দলীয় অর্জন তাদের নামকে ফুটবলের ইতিহাসে স্থায়ী জায়গা দিয়েছে। তাই মেসির আন্তর্জাতিক অধ্যায়ের শেষবেলায় রোনালদোর এই শুভেচ্ছাবার্তা দুই মহাতারকার দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার মাঝেও পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।





































