রাজধানী ডেস্ক: জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁদের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিদান দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ২৫ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৬ এর আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ডে গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট এলাকায় নর্দমাসহ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘকাল ধরে ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডের মানুষ নানা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বলে মন্তব্য করেন তিনি। এসব অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে এবং টেকসই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি তিনি জোরালো আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এই ওয়ার্ডগুলো অতীতে ইউনিয়ন ছিল এবং পরবর্তীতে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘদিন অবহেলিত থাকায় এই এলাকার বাসিন্দারা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এলাকার বিভিন্ন সমস্যা ও যৌক্তিক দাবিগুলো চিহ্নিত করে সরকারের দায়িত্বশীল মহলে পৌঁছে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের কাজ করার তাগিদ দেন। সাধারণ মানুষ যে ভরসা ও আশা নিয়ে তাঁদের ভোট দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় সততা বজায় রাখার ওপর তিনি বিশেষ জোর দেন।
উন্নয়ন কার্যক্রম সফল করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী হাবিব। বিশেষ করে নির্বাহী প্রকৌশলী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন তিনি। তিনি জানান, প্রশাসক মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন। এমনকি রাস্তার এই কাজের বিষয়ে প্রশাসক নিজে থেকেই একাধিকবার খোঁজখবর নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এলাকার সামগ্রিক উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি স্পষ্ট করে বলেন, রাস্তা প্রশস্ত করতে হলে দুই পাশের জমির মালিকদের প্রয়োজনে জায়গা ছাড়তে হবে। এছাড়া সরকারি খাসজমি জবরদখল না করে উন্নয়নকাজে ব্যবহারের জন্য তা চিহ্নিত করে দেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করলে এলাকার বাকি উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।





































