জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘প্রজাপতি মেলা ২০২৬’-এ বন্যপ্রাণী সংরক্ষণে গণমাধ্যমের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ প্রাপ্ত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) চারজন সদস্য।
এতে ব্রডকাস্ট ক্যাটাগরিতে পুরস্কার পান এনটিভির আকিব সুলতান অর্ণব। প্রিন্ট ক্যাটাগরিতে পুরস্কৃত হন স্কাই টাইমসের বেনজির হোসেন। ডিজিটাল ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পান দৈনিক বণিক বার্তার মো. আতাউর রহমান ও দৈনিক নিউ এজ-এর সাগর হোসেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ‘প্রজাপতি মেলা ২০২৬’-এ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তাদেরকে এই পুরষ্কার প্রদান করা হয়।
তাদের এই অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম বলেন, জাবিসাসের চারজন সদস্যের বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন আমাদের পুরো সংগঠনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি আশা করি, এ অর্জন আমাদের সদস্যদের পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সাংবাদিকতায় আরও দায়িত্বশীল, অনুসন্ধিৎসু ও সচেতন ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে। পুরস্কারপ্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন বলেন, ‘এ মেলার মাধ্যমে সবাইকে প্রজাপতি সম্পর্কে জানার এবং তাদের সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানাই। প্রজাপতির পাশাপাশি গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও সবাইকে ভূমিকা রাখতে হবে। আজকের আয়োজনে শিশুদের অংশগ্রহণের মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বোধ তৈরি হলে ভবিষ্যতে তারাই এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, উন্নয়নের নামে গাছপালা কেটে ফেলা বন্ধ করতে হবে এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে পরিবর্তন আনতে হবে। প্রকৃতি সংরক্ষণ করা আমার জীবনের সুরক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, আইইউসিএন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ।



































